৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ইঞ্জিনচালিত নৌকা ও ৫৪টি ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক দুটি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৫৪টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। গত সোমবার এই অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৫৩ বিজিবি।
বিজিবি আরো জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এসময় ৪৪ বোতল ভারতীয় মদ ও ১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে।
একই দিনে ফতেপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হলুদিয়াপাড়া গ্রামে বিশেষ টহল পরিচালনা করে ৫৪টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করা হয়। জব্দকৃত মদ ও নৌকা সংশ্লিষ্ট থানায় এবং মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৩ বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, মোবাইল ফোন সেট এবং অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে ৫৩ বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।