৫ দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সোমবার দুপুরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের কাছে এই স্মারকলিপি জমা দেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় অ্যাকাডেমিক পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, আপিল বিভাগের বায়ের আলোকে দ্রুত বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি প্রদান ও পদায়ন।
এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী অঞ্চলের সভাপতি এ জেড এম শামিউল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী অঞ্চলের কোষাধ্যাক্ষ মো. নাসির উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো. শফিউল আজম ও সেক্রেটারি লিনস হাঁসদা।
এছাড়া হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলার অন্যান্য সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।