গাভী পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার গোবরাতলায় প্রয়াসের ইউনিট-১-এ এই প্রশিক্ষণ শুরু হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
এতে প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন- জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা। এসময় তিনি বলেন, আপনারা বাছুরকে পরিমিত পরিমাণে দুধ পান করাবেন। যেই গাভীর দুধ ৯ থেকে সাড়ে ৯ লিটার হয়, সেখান থেকে বাচ্চা যেন প্রায় সাড়ে তিন লিটার পর্যন্ত খেতে পারে সেদিকে খেয়াল রাখবেন। তাহলে বাছুর বৃদ্ধি বেশি হবে এবং আগামীতে সেই বাছুর আপনাকে রিটার্ন দিতে পারবে। বাছুরকে বেশি দুধ খাওয়ানোর ফলে যদি হজম না হয় তাহলে সেই বাছুরকে প্রথম ১৫-২০ দিনের মধ্যে কৃমির ওষুধ খাওয়াবেন। যদি পারেন তাহলে ১৯ বা ২০তম দিনে বেশি ভালো।
তিনি আরো বলেন, দেখতে লবণের দানার মতো ১০০ গ্রামের প্যাকেটের প্যারাভেট পাউডার খাওয়াবেন। তিনি বলেন, প্রথম ২০ দিনের বাছুরকে ১ চামচ প্যারাভেট পাউডার খাওয়াবেন।
প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ আল কাফি, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।