শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পৌর বিএনপির সম্মেলনে শাহীন শওকত
আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নবাবগঞ্জ ক্লাব চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেনÑ বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন শওকত বলেন, দীর্ঘদিন পরে আমরা একটি উন্মুক্ত জায়গায়, উন্মুক্ত পরিবেশে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনটা করতে পারছি। তিনি বলেন, বিগত ১৭টা বছর আমরা জেলখানায় পুলিশের হেফাজতে ছিলাম। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে মামলা চালাতে। অনেক বাবা তার সন্তানের মামলা চালানোর জন্য জমি বিক্রি করেছেন। অনেক মা তার বিয়ের যে শ্রেষ্ঠ সম্পদ হাতের বালা, সেটি বিক্রি করে সন্তানের মামলা চালিয়েছেন।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, দীর্ঘ ১৭টা বছর ৭ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়িতে থাকতে দেয়া হয়নি। এই ৭ লাখ নেতাকর্মী একেক সময় একেক জায়গায় আশ্রয় নিয়েছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আমার প্রাণের নেত্রী, যেই নেত্রীর মাধ্যমে আমি রাজপথে আন্দোলন শিখেছি। রাজপথে সকল বাধা-বিপত্তি, হামলা-মামলাসহ স্বৈরশাসকের বিরুদ্ধে কীভাবে গণতন্ত্রের আন্দোলন প্রতিষ্ঠা করতে হয়, সেটা আমাকে নেত্রী শিখিয়েছেন। সেই নেত্রীকে তার স্বামীর (জিয়াউর রহমান) স্মৃতিবিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছিল। একজন নারীর প্রতি আরেকজন নারী শেখ হাসিনার কি নির্মম প্রতিহিংসা!
শাহীন শওকত বলেন, আজকে শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা নাকি পালায় না। অথচ মাত্র ৪৫ মিনিটের মধ্যে তিনি পালিয়েছেন। শেখ হাসিনার বাবাও ২৫ মার্চ রাতে পালিয়েছিলেন। তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগের উদ্দেশ্যে বলতে চাই- শেখ হাসিনা যখন পালায় তার তিন দিন আগে তার পরিবারের সবাইকে দেশ ছাড়তে বলেছিলেন। আর আপনাদেরকে কোনো কিছু না বলে আপনাদের নেত্রী পালিয়ে গিয়েছেন। কারণ, তিনি তার পরিবার ছাড়া বাংলাদেশের মানুষকে মানুষ মনে করেন না। বাংলাদেশের কোনো নেতাকর্মীকে তিনি গণ্য করেন না। আপনার নেত্রীর জন্য আজকে আপনাদের পালিয়ে বেড়াতে হচ্ছে মামলা হামলা নিতে হচ্ছে।
তিনি আরো বলেন, তারেক রহমান বাংলাদেশে ঐক্য চান। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদীর ঐক্যের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ, মানুষের ভালোবাসার বাংলাদেশ হবে।
দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান। সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম.এম. জামাল বাচ্চু।

শেয়ার করুন