আগের চেয়ে সুস্থ আছেন বেগম খালেদা জিয়া

লন্ডনে ছেলের বাসায় ‘আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন’ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।”
খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, “ম্যাডামের চিকিৎসা তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বাসা থেকেই হচ্ছে। বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমানসহ তিন নাতনি আছেন। ব্যারিস্টার জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান (প্রয়াত আরাফাত রহমানের মেয়ে) তাদের দাদির সেবাযতœ করছেন।
এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে আগের চেয়ে অনেক বেটার আছেন। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।
অধ্যাপক জাহিদ বলেন, “আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডনে ‘দ্য লন্ডন ক্লিনিকে’র চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। এ মুহূর্তে ম্যাডাম তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে অর্থাৎ প্রফেসর প্যাট্টিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস এবং ড. ব্যারেডের অধীনে চিকিৎসাধীন আছেন।”
তিনি বলেন, “সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন বাসায় ম্যাডামের চিকিৎসা চলছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মধ্যে সেটাও করা হচ্ছে।”
দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশী সবার কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অধ্যাপক জাহিদ। গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
কবে নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম কবে নাগাদ দেশে যাবেন এটা এখনো বলা যাবে না। এখানকার চিকিৎসকরা যেদিন তাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা ম্যাডাম মনে করবেন যে, বিদেশ থেকে দেশে যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন তখনই ইনশাআল্লাহ তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফেরত যাবেন।”