তারুণ্যের উৎসব : পুরাতন স্টেডিয়ামে শুরু হলো টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল থেকে শুরু হয়েছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার মো. রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য মো. আসিফ নেহাল, জেলা আহ্বায়ক মো. আব্দুর রাহিম, জেলা সদস্য সচিব মো. সাব্বিরসহ অন্যরা। এছাড়া ক্রীড়ামোদি দর্শক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা দল। টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা অংশ নিচ্ছে।
আগামীকাল শুক্রবার চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।