শিবগঞ্জে আগুনে পুড়েছে আমের আড়ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে একটি আমের আড়ত পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আড়ত মালিক হলেন উপজেলার পারদিলালপুর গ্রামের আইনাল হকের ছেলে আরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধোবড়া বাজারে একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার আমের ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে তার আগেই সব পুড়ে যায়।
এদিকে আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় মালিক আরিফুল ইসলাম বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। নিজ বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম বলেন, প্রতি বছর ধোবড়া বাজারে আমের আড়ত করে কোনো রকমে সংসার চালায়। তিনি দাবি করেন, আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে আমি একেবারের নিঃস্ব হয়ে পড়েছি। আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আইনের আশ্রয় নিব।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আড়ত মালিক জানিয়েছেন, তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। কিন্তু প্রাথমিক ধারণা, লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।