গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে বাশেদ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আব্দুল বাশেদ আলী হত্যা মামলার এজাহারনামীয় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— ১০ নম্বর পলাতক আসামি গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. সিয়াম আলী (২০) ও এজাহারনামীয় ৮ নম্বর পলাতক আসামি সুবইল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. আরজেদ আলী ওরফে টুনু (৫৫)।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
র‌্যাব আরো জানায়, গত ৯ জুন পূর্ব শত্রুতার জের ধরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে আব্দুল বাশেদ আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আব্দুল বাশেদ আলীর মেয়ে বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব আরো জানায়, এই হত্যা মামলা নজরে নিয়ে পলাতক আসামিদের ধরতে কাজ শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও রাজশাহী ক্যাম্প গত রবিবার বিকেলে যৌথভাবে অভিযান চালায়। অভিযানে রাজশাহী মহানগরীর তালাইমারি ট্রাফিক মোড় এলাকা থেকে সিয়াম আলীকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর ক্যাম্প গত রবিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দবিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আরজেদ আলী ওরফে টুনুকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।