টানা বৃষ্টিতে ভোগান্তি : আম নিয়ে বিপাকে চাষি আমন চাষে সুবিধা

চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে। সেই সঙ্গে আম নিয়ে বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে আমন চাষাবাদে সুবিধা হচ্ছে কৃষকদের। অন্যদিকে ভারী বৃষ্টিতে জেলাশহরের বিভন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত জেলায় গড় বৃষ্টি হয়েছে ২৩.২ মিলিমিটার। এর মধ্যে সদরে ৩০, শিবগঞ্জে ৩৫, গোমস্তাপুরে ২৫, নাচোলে ২৫ ও ভোলাহাট উপজেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রিকশাচালকরা ঠিকমতো রাস্তায় নামতে পারছেন না। ভারী বৃষ্টির মধ্যে আমন চাষাবাদে সুবিধা হলেও চারা চারা রোপণে কিছুটা বিঘ্ন ঘটছে। কৃষি শ্রমিকরা ঠিকমতো মাঠে যেতে পারছেন না। অন্যদিকে বৃষ্টির কারণে সময়মতো গাছ থেকে আম নামাতে পারছেন না চাষিরা। তাছাড়া অধিক বৃষ্টির ফলে আমের গায়ে মাছি পোকা বসে ক্ষতি সাধন করছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন— ২৪ ঘণ্টায় জেলায় গড় বৃষ্টি হয়েছে ২৩.২ মিলিমিটার। এই বৃষ্টি রোপা আমন চাষাবাদের জন্য আশীর্বাদ। জমিতে পানির অভাব হচ্ছে না। তবে ভারী বৃষ্টির কারণে কৃষকরা মাঠে ঠিকমতো কাজ করতে পারছেন না। চারা রোপণ কিছুটা বিঘ্নিত হচ্ছে।
ড. ইয়াছিন আলী আরো বলেন— আম শেষের পথে। যা আছে তা নিয়ে খানিকটা বিপাকে পড়েছেন চাষিরা। অতিবৃষ্টির ফলে আমে মাছি পোকা বসে ক্ষতি সাধন করছে।
এদিকে বৃহস্পতিবার সকালে জেলাশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তাসহ আম বাগানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পথচারীদের জুতা-স্যান্ডেল, পোশাক ভিজিয়ে যাতায়াত করতে দেখা গেছে।