১৭০০ পরিবারের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মোট ১ হাজার ৭০০ পরিবারের মধ্যে ৫ ধরনের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে গত মঙ্গল ও বুধবার মা ও শিশুর অপুষ্টি নিরসন এবং জলবায়ু উন্নয়নে এনাফ ক্যাম্পেইনে এই চারাগুলো বিতরণ করা হয়।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হতদরিদ্র পরিবার, প্রতিবন্ধী পরিবার, ওয়ার্ল্ড ভিশন কর্তৃক নিবন্ধনকৃত শিশুর পরিবার, বিদ্যালয় এবং দরিদ্র আদিবাসী পরিবারের মধ্যে চারাগুলো বিতরণ করা হয়।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, ৫টি কর্মএলাকার স্থানীয় সরকার প্রতিনিধি, গ্রামউন্নয়ন কমিটির সদস্যগণ এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ।
বিতরণকৃত চারার মধ্যে রয়েছে— আম, সফেদা, মাল্টা, পেয়ারা ও নিম। ইউনিয়নগুলো হচ্ছে— বালিয়াডাঙ্গা, সুন্দরপুর, দেবীনগর ও চরঅনুপনগর।