শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঝিলিমে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন শুরু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে ফগার মেশিন দিয়ে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান।
ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রভাব বেড়ে যাওয়ায় আমরা নিজ উদ্যোগে ইউনিয়নের রাজস্ব খাত থেকে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করছি। ডোবা, নর্দমা, খাল, বাসাবাড়িতে জমে থাকা পানিসহ যেসব স্থান এডিস মশার প্রজননক্ষেত্র, সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে এই মশার ওষুধ ছিটানো হচ্ছে।
ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের সকল জনগণকে একসাথে কাজ করতে হবে। বাসাবাড়িতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমার ইউনিয়নে যাতে ডেঙ্গুর প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য পরিষদের পক্ষ থেকে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু করেছি।

শেয়ার করুন