এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা জামায়াত। ‘গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে’ এই বিক্ষোভ সমাবেশ করে দলটি।
বিকেলে জেলাশহরের বড়ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শান্তিমোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুস সবুর, জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।