অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এক বাংলাদেশী যুবক নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে মোহাম্মদ লালচাঁন নামে এক বাংলাদেশী যুবক নিখোঁজ রয়েছেন। রবিবার ভোর রাতে জেলার জোহরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর আর ফিরতে পারেননি এবং তার কোনো খোঁজও মিলছে না বলে স্থানীয়রা জানিয়েছে।
নিখোঁজ মোহাম্মদ লালচাঁন জেলার শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া ওয়াহেদপুর গ্রামের শাহজাহানের ছেলে। তবে তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুরে বসবাস করতেন বলে জানা গেছে।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, রবিবার ভোর রাতে জোহরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর পাশ দিয়ে ৪ থেকে ৫ জন গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এ সময় ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে চারজন ফিরে এলেও লালচাঁন ফিরে আসেননি। এ বিষয়ে ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নূরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান।