শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের গত রবিবার স্বাক্ষর করা এ-সংক্রান্ত চিঠি ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সকল ডিসির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘ডিএমপির শেরেবাংলা নগর থানার, মামলা নম্বর-১১, তারিখ-২২/০৬/২০২৫ খ্রি., জি আর নং-১৫৬/২০২৫ খ্রি., ধারা-১২০বি / ১০৯ / ১৭১বি / ১৭১ডি / ১৭১জি / ১৭১এইচ / ১৭১আই / ১২৪এ / ৪০৬ / ৪২০ পেনাল কোডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সূত্রোক্ত স্মারকের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্রভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করেন।
বর্ণিতাবস্থায় উপরোল্লিখিত তথ্যাদি অত্র সচিবালয়ে জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘পিবিআই থেকে একটি চিঠি এসেছে, সেই চিঠির ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। পিবিআই বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮, ও ২০২৪) সঙ্গে যারা মাঠপর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা চেয়েছে। সেই সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।

শেয়ার করুন