শিবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর, চামাটোলার একরামুল হকের ছেলে কাইয়ূম (৩৫) ও খোন্দা মাস্তানবাজার গ্রামের মো. সাত্তার আলীর ছেলে বাবু ওরফে মন্ত্রী বাবু (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. ওয়াসিম ফিরোজ জানান, ১৯ জুলাই রাত ১১টার দিকে বিনোদপুর বাজারের কীটনাশক এবং বিকাশের এজেন্ট মো. বাবর আলী (৪৩) তার ব্যবসার হালখাতা শেষ করে ব্যবসায়িক ১১ লাখ টাকা এবং হিসাবের খাতাপত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বাঁশঝাড়ের সামনে পায়ে হাঁটা রাস্তায় আসামাত্র কাইয়ূম, বাবু ওরফে মন্ত্রী বাবুসহ হেলমেট পরিহিত অজ্ঞাতনামা ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে এসে বাবর আলীর পথ রোধ করে এবং একপর্য়ায়ে তাকে আঘাত করে ব্যাগভর্তি টাকা ও হিসাবের খাতাপত্র নিয়ে পালিয়ে যায়। এসময় বাবর আলীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, স্থানীয়দের মাধ্যমে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর অনুমান সোয়া ২টায় বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত কাইয়ূম ও বাবু ওরফে মন্ত্রী বাবুকে গ্রেপ্তার করা হয়। বাবর আলীর খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়নি। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, টাকাও উদ্ধার হয়ে যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান।