জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে
সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন। আর সেই নেতৃত্ব একমাত্র আমাদেরই আছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে, নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক হোক নারী কিংবা পুরুষ প্রত্যেকেই সমান অধিকার ও মর্যাদা লাভ করবে।
বুধবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে সেলাইমেশিন বিতরণপূর্বক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামই একমাত্র নারীর অধিকার, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করেছে। নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হবে না। রাষ্ট্রের দৃষ্টিতে সকল ধর্মের মানুষ সমান এবং সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা লাভ করবে। তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ আমার বোনের মতো, কেউ আমার মায়ের মতো। আপনাদের সহযোগিতায় আগামীতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনকে বাংলাদেশের মধ্যে একটি মানবিক ও কল্যাণ সমাজ হিসেবে বিনির্মাণের দৃষ্টান্ত স্থাপন করা হবে।
জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, ২০২৪’র গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে এসব লক্ষে কাজ করছে। জামায়াতে ইসলামী এই লক্ষে সৎ, যোগ্য, দক্ষ, নৈতিক, আদর্শিক ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে।
এসময় তিনি আরো বলেন, ইসলামবিদ্বেষীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা থাকবে না, ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে পারবে না। অথচ জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার আগেই একটি ছায়া সরকারের ভূমিকা সামাজিক কার্যক্রম পরিচালনা করে জনগণের সামনে প্রমাণ করে দিয়েছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। মানুষ একটি বাসযোগ্য কল্যাণ ও মানবিক সমাজ পাবে। এ সময় তিনি দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়াতুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুল ইসলামের পরিচালনায় শিবতলায় পৌর মহিলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে ১৩টি সেলাই মেশিন ১৩ জন প্রশিক্ষিত নারীর মধ্যে বিতরণ করা হয়।