শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগমকে হত্যার দায়ে স্বামী মধু মিয়া (৩২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মধু জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার বজলুর রহমানের ছেলে। আর নিহত তানজিলা একই ইউনিয়নের মশিউর রহমানের মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে মধু মিয়া তার স্ত্রী তানজিলাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ভাই জিয়ারুল বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শেয়ার করুন