শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে রফিকুল হত্যা মামলার আসামি পারুল ঢাকায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রফিকুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি পারুল হক (৪০)কে ঢাকার মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর নতুন বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ এবং র‌্যাব-৪ মিরপুর সদর যৌথভাবে অভিযান চালিয়ে গত রবিবার দিবাগত মধ্য রাতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পারুল শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের মো. আহসান আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য জানিয়েছে।
মামলার বরাতে র‌্যাব আরো জানায়, বাদী ও আসামিরা একই গ্রামের পাড়া-প্রতিবেশী। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে আসছে। ঘটনার দিন গত ৯ জুন রাত ৮টার দিকে বাদী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামে ইমন মোড়ে বসে থাকা অবস্থায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর নিকট এসে গালিগালাজ করে। বাদী গালিগালাজ করতে নিষেধ করলে আসামিরা ইট ছুড়ে মারে। এতে বাদী গুরুতর জখম হয়। বাদীকে মারপিট করতে দেখে তার চাচাতো ভাই ও ভাতিজারা এগিয়ে এলে আসামিরা তাদেরকেও মারপিট করে জখম করে। বাদীর চাচাতো ভাই রফিকুল (৫০)কে কাতা দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন বিকাল অনুমান ৪টার দিকে রফিকুল মারা যায়।
এ ঘটনায় মৃতের চাচাতো ভাই মো. সাইদুল ইসলাম (৪৫) বাদী হয়ে ১২ জুন ২১ জনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন