সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বারিউল ইসলাম। বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সহসভাপতি একেএস রোকন, শিবগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফরহাদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলী, বাংলাদেশ প্রেস ক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সোনামসজিদ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা ও সদস্য শহিদুল ইসলাম রনি, সুজনের শিবগঞ্জ পৌর কমিটির সহ-সম্পাদক মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, ডা. মুরাদ ও শ্রমিক ফেডারেশন নেতা আল আমিনসহ অন্যরা। সঞ্চালনা করেন বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের ওপর আঘাতের শামিল।
শিগগির সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তুহিন হত্যার দ্রুত বিচার দাবি জানানো হয় মানববন্ধনে।