সদর ও শিবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদরে আপন দুই চাচাতো ভাই এবং শিবগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মারা যাওয়া শিশুরা হলো— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়া মহল্লার খোকনের ছেলে আরিয়ান (৪) ও তার চাচাতো ভাই একই মহল্লার কাওসার আলী লিটনের ছেলে তাহমিদুর (মোজাহিদুর) (৭) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাঈদ (১৩ মাস)।
রবিবার বিকেলে ও সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে খাওয়া-দাওয়া করে অভিভাবকদের অজান্তে বাড়ির পাশের ডোবায় জমে থাকা বর্ষার পানিতে মাছ ধরতে যায় আরিয়ান ও তাহমিদুর। এসময় ডোবায় পড়ে গিয়ে আর উঠতে না পারায় সেখানেই তাদের মৃত্যু হয়। পরে জানতে পেরে পরিবার ও স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা খাতুন বলেন— শিশু ২টিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন— কোনো অভিযোগ না থাকায় শিশুদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যার পানিতে ডুবে ১৩ মাস বয়সী সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, সকালে সাঈদ পরিবারের অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ওই স্থান থেকে সাঈদকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বন্যার পানিতে ডুবে সাঈদ নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।