ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি : ১১শ বানভাসী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, নিশিপাড়া, দুর্লভপুর ও মনাকষা এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বানভাসী অসহায় ১ হাজার ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
শুক্রবার প্রথম দিনে সকাল থেকে জেলার শিবগঞ্জ উপজেলার ওইসব স্থানে ৬০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য এনামুল হকসহ সংগঠনের অন্য সদস্যরা।
এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় ছিলেন। বন্যায় তারা কাজকর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় ১ হাজার ১০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও আধা কেজি গুড়।
আজ শনিবার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১১ রশিয়া ও শান্তিনগরহাট এলাকার বন্যাদুর্গত ৫০০ পরিবারের মধ্যে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সমিতির সাধারণ সম্পাদক।