মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁন্দলাই এলাকার যুবসমাজের

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাবেক সেনা সদস্যসহ চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন— সাবেক সেনা কর্মকর্তা আলহাজ সায়েদুজ্জামান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, স্থানীয় বাসিন্দা সাগর।
এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন— বিএনপি নেতা শওকত আলী ও ইউসুফ আলী লাভলু।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত এলাকার ভবিষ্যৎ প্রজন্ম। এখনই যদি রুখে না দাঁড়ানো যায়, তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। যে পরিবারে মাদকাসক্ত আছে, একমাত্র সে পরিবারের সদস্যরাই বলতে পারবে মাদকাসক্ত কী যন্ত্রণার। তাই অবিলম্বে চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।