শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদক মামলায় যাজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজান, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামের মো. মহিজ উদ্দিনের ছেলে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, মিজানের বিরুদ্ধে ২০১৬ সালে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। পরবর্তীতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ গত বৃহস্পতিবার বিকেলে মনাকষা বাজারে যৌথ অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলেও র‌্যাব জানায়।

শেয়ার করুন