মহাডাঙ্গায় বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

‘মেয়ে যদি শিক্ষিত হয়, পুরো জাতি আলোকিত হয়’— এ স্লোগানকে সামনে রেখে নিরক্ষরতা দূরীকরণ ও বাল্যবিয়ে প্রতিরোধে আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মহাডাঙ্গায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আন নাসিহা ফাউন্ডেশনের পিআরও মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহা. ইসাহাক। বিশেষ অতিথি ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ।
বক্তারা বলেন, বাল্যবিয়ে মেয়েদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলে। তাই বাল্যবিয়ের বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুরা যদি পড়াশোনা শেষ করতে পারে, তবে তারা শুধু নিজের পরিবার নয়, পুরো জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরক্ষরতার কারণে অনেক পরিবার বাল্যবিয়ের মতো কুসংস্কারে জড়িয়ে পড়ে। তাই প্রত্যেককে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।