র্যাবের অভিযানে মহানন্দা বাসস্ট্যান্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে মহানন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে তিনি গ্রেপ্তার হন।
গ্রেপ্তার ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার নুনগোলা কেডিসিপাড়ার মৃত আ. খালেকের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া মো. সাদ্দাম হোসেন মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার আসামি। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ২০২২ সালের ২০ অক্টোবর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা নম্বর-২৩, জিআর-৩৩৫/২২। মামলা হওয়ার পর তিনি আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক ছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।