শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে অপহৃত ব্যবসায়ি উদ্ধার : পাঁচজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সানি আহম্মেদ (২৫) নামের এক ব্যবসায়িকে অপহরণের একদিনের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার সানি জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সানি আহম্মেদ বাগবাড়ী বাজারে মুদিখানার ব্যবসা করেন। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো মুদি দোকান বন্ধ করে তার বন্ধু মো. দুলাল বাবু (২৯) ও মো. সোহেল রানা (২৭) এর সঙ্গে বাগবাড়ি বাজার হতে মোটর সাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত সোয়া ১০ টার দিকে বাগবাড়ি ফিল্ড বাজার মোড় এলাকায় পৌঁছালে ৮ থেকে ৯জন মোটর সাইকেলের গতিরোধ করে জোর পূর্বক সানি আহম্মেদকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। সঙ্গে থাকা তার বন্ধুরা অপহরণের বিষয়টি সানির পরিবারকে জানালে পরিবারেরপ পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।
সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার হতে ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় সানি আহম্মেদকে উদ্ধার করে।
এসময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (২৫), মো. নাসির উদ্দিনের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন (২৫), কালিগঞ্জ লজিবটোলার মো. আ. মালেকের ছেলে মো. আল আমিন (২২), এরাদত বিশ্বাসটোলার মৃত নাজেলের ছেলে মো. রাজু (২৩), দৌলতপুর মোড়লটোলার মো. রবিউল ইসলাশের ছেলে মো. রাজু হোসেন (২৪) গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মাইক্রোবাসটি আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
মিডিয়া সেল আরো জানায়, ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে সানি আহম্মেদ ও অপহরণকারীদের মধ্যে বিরোধ আছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়।

শেয়ার করুন