মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শ্রী পলাশ কর্মকার (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরো ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত পলাশ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়ানশুকা কামার পাড়ার শ্রী প্রভাত কর্মকারের ছেলে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগডাঙ্গা খাচ্চাপাড়া হতে বড়িয়াপাড়ামুখী মরানদীর ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা কালে শ্রী পলাশ কর্মকারকে আটক করা হয় এবং অপরজন পালিয়ে যায়। এসময় শ্রী পলাশ কর্মকারের দেহ তল্লাশি করে ৫৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাবের এসআই মো. আব্দুল মোমিন বাদি হয়ে ওই দিনই পলাশ কর্মকারসহ দুজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন সদর থানার এসআই মো. জালাল উদ্দিন। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ মে পলাশ কর্মকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।