জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মহারাজপুরে কৃষকদের প্রশিক্ষণ দিল প্রয়াস

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে মহারাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন মহিলা সিসিএজি কৃষক সদস্য। এ সময় কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়িতে উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুনাইন বিন জামান এবং প্রকল্পটির কৃষিবিদ মো. ফয়জুল হক।
বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ইউনিট-২ এর ব্যবস্থাপক বাবুল আক্তার।
কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল সকিবাল হাসান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।