পর্দা নামল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
৪-১ গোলে শিবগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নেমেছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ছিল শুক্রবার বিকেলে। খেলার প্রতিদ্বন্দ্বী দল দুটি ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা দল।
খেলা দেখতে দুপুরের পর থেকেই দর্শকরা চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। একসময় গ্যালারি ভর্তি হয়ে যাওয়ায় গেট বন্ধ করে দেয়া হয়। পরে বিপুল সংখ্যক দর্শককে গ্যালারির নিচে পার্শরেখা বরাবর বসিয়ে দেয়া হয়। অনেক দর্শক ঢুকতে না পেরে হতাশ হয়ে ফিরে যান।
এই রোদ এই মেঘের ছায়ায় বসে দীর্ঘদিন পর দর্শকরা উপভোগ করেন প্রাণের স্পন্দন খেলোয়াড়দের ফুটবলের নৈপুণ্য। গোল হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। উভয় দলের সমর্থকরা তাদের খেলোয়াড়দের উৎসাহ দেন।
খেলার প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দল। দ্বিতীয়ার্ধে আরো ১টি গোল করে ৪-১ গোলের ব্যাবধানে জয়লাভ করে এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এ কে এম শাহব উদ্দীন। এসময় উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করে।