শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্ব শিক্ষক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে রবিবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
রবিবার নাচোল উপজেলা শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়। ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগানকে সামনে রেখে শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলার কলেজ, মাদ্রাসা ও হাই স্কুলের শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোলে মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— অধ্যক্ষ মাহবুবুর রহমান, মুন্সী হযতর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, তাজামুল হক, আব্দুর রহিম, সুপার মজিবুর রহমান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোর পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই তাদের ভূমিকা জাতি গঠনের কারিগর হিসেবে অনন্য ও অপরিসীম। এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ওবাইদুর রহমান বলেন, শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। এ কারণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদ্যাপিত হয়। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, পিএম আইডিয়াল কলেজের প্রভাষক আকতার বানু, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, মাওলানা হাবিবুর রহমান, গোমস্তাপুর ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ অন্যরা।
আলোর পাঠশালা : শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ফুলসহ উপহার বিনিময়, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে রবিবার রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে দিনব্যাপী ছিল কর্মযজ্ঞ। সকাল থেকেই শিক্ষার্থীরা হাতে লিখে শিক্ষক দিবসের প্ল্যাকার্ড তৈরি, বেলুন দিয়ে সাজসজ্জা, রান্নাবান্নার কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে সকলে মিলে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীরা প্রত্যেক শিক্ষককে ফুল, মার্কার কলম ও কালি উপহার দেয়। শিক্ষকবৃন্দও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ডায়েরি ও কলম উপহার দেয়।
এসময় দিবসটি নিয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, শিরিনা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে কথা বলেন— দশম শ্রেণীর ইসরাত খাতুন, সুরমিলা হাঁসদা, নবম শ্রেণীর সাকিবুল হাসান।

শেয়ার করুন