ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন
ছাঁটাইয়ের দাবি এস আলম কর্তৃক নিয়োগকৃতদের
ইসলামী ব্যাংক পিএলসিতে ২০১৭ হতে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুরে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় জেলাশহরের বাতেন খাঁর মোড়ে ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন— ইসলামী ব্যাংকের অন্যতম গ্রাহক নবাব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, অধ্যাপক মোজাম্মেল হক, গ্রাহক মোজাম্মেল হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ অবৈধভাবে মেধা যাচাই ছাড়া শুধু চট্টগ্রামের লোক বিবেচনায় নিয়োগ দেয় ইসলামী ব্যাংকে। তারা ব্যাংকিং কার্যক্রম ও সেবার কিছুই জানেন না। তাদের কারণে মুখ থুবড়ে পড়ে ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা।
গোমস্তাপুর : অন্যদিকে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরের অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রহনপুর স্টেশন বাজারস্থ ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন— হাফেজ আব্দুর রাকিব, ব্যাংকের গ্রাহক মানিক রায়হান, প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, আবু সায়েম, আব্দুল অহাবসহ অন্যরা।