পাঁচ দাবিতে স্মারকলিপি জামায়াতের

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত।
রবিবার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. মুখলেশুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু বকর।
এছাড়াও স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।