নাচোলে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাচোল উপজলোর মাড়কইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার প্রতিপক্ষের হামলায় একজন আহত হন। তারই জেরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা চালায় অপরপক্ষ। এ হামলায় ১৪ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, গত রবিবার যে ব্যক্তি হামলার শিকার হন তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থক এবং মঙ্গলবার যারা হামলার শিকার হয়েছেন তারা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থক।
এদিকে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুই পক্ষের নেতারা। সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। এটি সম্পূর্ণ স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অপরদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছেন স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত রবিবার তরিকুল নামে আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরেই মঙ্গলবার আমিনুলের সমর্থকরা তুহিন-খোকনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে নারীসহ ১৪ জন আহত হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।