শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতা চাইনিজ রফিকের কারাদণ্ড

চেক ডিজঅনার মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)কে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার দেয়া চেকে উল্লেখ থাকা ৪০ লাখ টাকার সমপরিমাণ অর্থদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা মো. হাম্মাদ আলী। বাদী তার আরজিতে উল্লেখ করেন, রফিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে বাদীর কাছ থেকে কিছু দিনের জন্য ৪০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করলে বাদী তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে রফিকুল ইসলাম ১০ লাখ টাকা করে প্রাইম ব্যাংকের চারটি চেক প্রদান করেন। চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করলে চেকের হিসাবে সেই পরিমাণ টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যান করে ব্যাংক।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেন, ‘আমার মোয়াক্কেল রফিকুল ইসলাম এই রায়ের বিপক্ষে আপিল করতেই পারেন। তবে এ ব্যাপারে আমার সঙ্গে এখনো কথা হয়নি।’
এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, ‘আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

শেয়ার করুন