শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনায় সড়ক দুর্ঘটনা : স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
রবিবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জাফরাবাদ, বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি অটোভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে আসা বাঁশবোঝাই একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনার পর সড়কে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহতদের দুজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, উদ্ধার কাজ চলছে।’

শেয়ার করুন