শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

আপিলের শর্তে জামিন পেলেন বিএনপি নেতা রফিকুল

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় কারাদণ্ড হওয়ার পর আপিলের শর্তে জামিন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
রফিকুল ইসলামের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর চেক ডিজঅনার মামলায় রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন যুগ্ম জেলা ও দায়রা জজ আ.বা. মো. নাহিদুজ্জামান। ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা মো. হাম্মাদ আলী।
রফিকুল ইসলামের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, রায়ের পর অর্থদণ্ডের অর্ধেক পরিমাণ অর্থ অর্থাৎ ২০ লাখ টাকা জমাপূর্বক সাজা প্রদানকারী আদালতেই রফিকুল ইসলামের জামিন আবেদন করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে আপিলের শর্তে মাননীয় আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ আ.বা. মো. নাহিদুজ্জামান জামিন মঞ্জুর করেন।
নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে আপিল করা হবে বলে আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ জানান।
এদিকে জামিন পেয়ে আদালত চত্বরে রফিকুল ইসলাম দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর হাম্মাদ আলী মিথ্যা মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। জমিজমা কেনাবেচা নিয়ে বায়নাস্বরূপ তাকে ৪টি চেক দেওয়া হয়। পরে তাকে সমুদয় অর্থ প্রদান করা হলেও বিভিন্ন টালবাহানা করে চেকগুলো ফেরত না দিয়ে তিনি উল্টো আদালতে হয়রানিমূলক মামলা করেন। চেকগুলো ফেরতের জন্য এর আগে আদালতে হাম্মাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামলায় তিনি গ্রেপ্তারও হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

শেয়ার করুন