জহুরপুর সীমান্ত এলাকায় গানপাউডার উদ্ধার : একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩০০ গ্রাম গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জামসহ মো. মামুন (২০) নামের এক তরুণকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুর পৌনে ১টার দিকে জেলার সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত এলাকা থেকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের জহুরপুরটেক বিওপির টহলদল এগুলো আটক করে।
আটক মামুন জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের মো. বাবলু হকের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি বিষয়টি জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর পৌনে ১টার দিকে জহুরপুরটেক বিওপির টহলদল বেলপাড়া গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ২ কেজি ৩০০ গ্রাম গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. মামুনকে আটক করা হয়।
এসময় তার ভাই নয়ন পালিয়ে যায় বলে বিজিবি জানায়। উদ্ধার করা গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ আটককৃত মামুন ও পলাতক নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।