শিবগঞ্জে বিএনপির প্রার্থী বদলের দাবিতে মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সৈয়দ শাহীন শওকতের কর্মী-সমর্থকরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন।
রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
রবিবার বিকেল ৫টার দিকে এই অবরোধ শুরু হয় এবং চলে সাড়ে ৫টা পর্যন্ত।
এ সময় বক্তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া অধ্যাপক মোহা. শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে কানসাট বাজারের উভয় পাশে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে করে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা পড়ে।
এর আগে শাহীন শওকতের সমর্থকরা কানসাট মিলিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গোপালনগর মোড়ে উপস্থিত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপি যুগ্ম সদস্য্য সচিব মোহাম্মদ হায়াতউদ দৌলা, জেলা বিএনপি সদস্য শরিফুল ইসলাম সারেফ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুর রহমান। যুবদলের সাবেক সভাপতি জাহিদ হাসানসহ অন্যরা।