শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ন্যায়বিচার সহজতর করছে গ্রাম আদালত : কর্মশালায় জেলা প্রশাসক

নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের বিভিন্ন ইউনিয়নে গরিব দরিদ্র মানুষেরা এ আদালতের মাধ্যমে অভিযোগ করে বিচার ও সমাধান পাচ্ছে। সেই সাথে বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কেও অবগত হচ্ছে।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন