নাচোলে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়।
মঙ্গলবার বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন—মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ, মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজা হক শুচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামের প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।