শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

৯৯৯-এ ফোন পেয়ে অভিযানে গিয়ে ঝিলিমে ডাকাতদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

চাঁপাইনবাবগঞ্জে ৯৯৯-এ পাওয়া এক ফোন কলের সূত্র ধরে ডাকাত ধরতে গিয়ে ডাকাতদলের হামলায় আহত হয়েছেন আমনুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম (৪৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।
গত ‎মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে বলে ৯৯৯-এ ফোন কল পায় পুলিশ। তথ্যটি আমনুরা পুলিশ ক্যাম্পে জানানো হয়। খবর পাওয়ার পর এসআই নুর ইসলাম মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন। পথে চেকপোস্টে থাকা সহকর্মীদের বিষয়টি অবহিত করে তিনি এগিয়ে যান।
‎কিন্তু অন্য পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এসআই নুর ইসলাম সেখানে পৌঁছে গেলে ডাকাতরা তাকে লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে।
‎অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এসআই নুর ইসলামকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারা সংখ্যায় ১০ থেকে ১২ জন ছিল। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। আহত কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন