আয়কর নথি জব্দ সাবেক মন্ত্রী টিপু মুনশিসহ ৭ জনের

আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আয়কর নথি জব্দ হওয়া অপর আসামিরা হলেন— কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি।
রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, টিপু মুনশিসহ সকল আসামির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে, শুরু থেকে ২০২৪-২৫ সালের পর্যন্ত তাদের আয়কর পর্যালোচনা করা প্রয়োজন।