বিএনপির প্রার্থী বদল দাবিতে নাচোলে রেললাইনে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে নাচোলে রেললাইনের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা।
রবিবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে সকাল ১০টায় নাচোল রেলস্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। রেলপথ অবরোধ কর্মসূচিতে মনোনয়নবঞ্চিত প্রার্থী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজা হক শুচি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ ও আব্দুস সালাম তুহিন অনুসারীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন— নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফফান আলী, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান আলী ও নাচোল ইউনিয়ন বিএনপি সভাপতি এনামুল হক।
অন্যদিকে স্থানীয়রা জানান, সকালে বিএনপির একাংশের নেতাকর্মীরা জড়ো হয়ে রেললাইনের ওপর বিক্ষোভ শুরু করেন। তারা বিএনপি ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থী বদলের দাবি জানান। এ সময় আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দেন এবং বিক্ষোভকারীদের প্রতিরোধের চেষ্টা করেন। এতে স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি স্বাভাবিকভাবেই ছেড়ে যায় স্টেশন থেকে।
নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দিলেও রেলপথ অবরোধ হয়নি। নেতাকর্মীরা রেললাইনের পাশে অবস্থান নিয়েছিল। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।