কলেজ শিক্ষকদের ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি পালন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির পূর্ব পর্যন্ত ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি বলেন— সারাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩২-৩৭ ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক তাদের পদোন্নতির জন্য বসে আছেন। অনেকের সার্ভিস ১২-১৩ বছর হয়ে গেছে। এদের অনেকেই ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বাদ দিয়ে শিক্ষা ক্যাডারে এসেছেন। অথচ প্রভাষকরা একই পদে আছেন। এটা খুবই দুঃখজনক।
বিপ্লব কুমার মজুমদার বলেন, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে এই প্রভাষকরাই হচ্ছে কলেজের প্রাণ। তারাই বেশির ভাগ ক্লাস নিয়ে থাকেন। তিনি আশা প্রকাশ করে বলেন— সকল আন্দোলনের আঁতুড়ঘর হচ্ছে এই শহীদ মিনার। এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ৫২ পেয়েছি, ৭১ পেয়েছি, ৯০ পেয়েছি এবং ২৪ পেয়েছি। আমি আশা করব, সদাশয় সরকার প্রভাষকদের এই দাবি মেনে নেবেন।
সমাবেশে আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল, অধ্যাপক মো. আমিনুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কামরুল হাসান, প্রভাষক আব্দুর রাজ্জাক, আবু রায়হান ও লুৎফন নাহার লিনাসহ অন্য শিক্ষকগণ।