শিশুসুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতারা ভূমিকা রাখতে পারেন : প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে ‘শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের উদ্যোগে গত মঙ্গলবার থেকে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালার শেষ দিনে বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ওয়ার্ল্ড ভিশন এসএসবিসির প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল। সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন তোহরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন— মানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
প্রশিক্ষণ কর্মশালায় শিশুর নিরাপত্তা, বাল্যবিয়ের কুফল, বাল্যবিয়ে প্রতিরোধ আইন, এবং ধর্মীয় নেতারা কীভাবে সচেতনতা গড়ে তুলতে পারেন— এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এসময় প্রশিক্ষণার্থীরা নিজেদের এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।