শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

রেডিও মহানন্দায় অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার বিষয়ক ওরিয়েন্টেশন

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় লিঙ্গ এবং অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম প্রচারের জন্য রেডিও অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটি রেডিও’র কলাকুশলী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকাল থকে সদর উপজেলার পলশার চাঁপাই মহেষপুরে রেডিও মহানন্দার স্টেশনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। তিনি বলেন, কমিউনিটির মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিতে আমাদের একসাথে কাজ করতে হবে। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ন্যায়বিচার সুবিধা ভোগ করতে পারে।
ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন— প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহমেদ ফ্রান্স, রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মো. নয়ন আলীসহ ১৯ জন কলাকুশলী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম বিষয়ে ধারণা দেয়া হয়।
উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি, ইউরোপিয়ার ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ও বাংলাদেশ কমিউনিটি রেডিও আসোসিয়েশন-বিসিআরএ’র ব্যবস্থাপনায়, ওরিয়েন্টেশনটি বাস্তবায়ন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শেয়ার করুন