শিবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় জাহানারা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার হরিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের মৃত রইস উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জাহানারা বেগম চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের আত্মীয়স্বজনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।