খালেদা জিয়ার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন : মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশী-বিদেশী চিকিৎসকদের যুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশী-বিদেশী সব চিকিৎসককে যুক্ত রেখেই তার চিকিৎসা চালানো হচ্ছে।’
সোমবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, তিনি যেন তাকে (খালেদা জিয়া) সুস্থ করে আবার আমাদের মাঝে পাঠিয়ে দেন।’
গত রবিবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি রয়েছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা সংকটজনক। বৃহস্পতিবার থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন এবং চিকিৎসকরা নিবিড়ভাবে তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা পরিচালনা করছে।
বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন।
লন্ডন থেকে বেগম জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশী-বিদেশী চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন।