ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মিঠুন কুমার দাস নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গত রবিবার রাতে ভোলাহাট-রহনপুর সড়কের ছাইতনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পর এম এক্স এন মডার্ন হারবাল ফুড লিমিটেডের ডিএস মো. এমদাদুল হকের সঙ্গে মোটরসাইকেলযোগে ভোলাহাট থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন মিঠুন কুমার দাস। পথে ছাইতনতলা এলাকায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক এমদাদুল হক ছিটকে দূরে পড়েন এবং পেছনে বসে থাকা মিঠুন বাস চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন, তাদের টিম দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান।