তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণ করতে শিখলেন ৩২০ জন শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগিতায় তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মিলনায়তনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সনাক সহ-সভাপতি আসরাফুল আম্বিয়া সাগর। তরুণদের দুর্র্নীতিবিরোধী কাজের সাথে উদ্বুদ্ধকরণ বিষয়ে বক্তব্য দেন ইয়েস উপকমিটির আহ্বায়ক আমিনুল হক আবীর। তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রচার, প্রয়োগ, বাস্তবতা ও করণীয় বিষয়ক ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম।
ওরিয়েন্টেশন শেষে ৩২০ জন শিক্ষার্থীকে তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণ করার নিয়ম শেখানো হয়।